শীতলকুচির ঘটনার প্রতিবাদে তালডাংরায় তৃনমূলের প্রতিবাদ মিছিল
দি নিউজ লায়ন -'বাংলা বুলেটে নয় ব্যালটে বিশ্বাসী' এই শ্লোগানকে সামনে রেখে ও নির্বাচন কমিশনের জবাবদিহি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রতিবাদে সামিল হলো তৃণমূল কংগ্রেস। গতকাল চতুর্থ দফা নির্বাচন চলাকালীন কোচবিহারের শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ৫ তৃনমূল সমর্থকের মৃত্যুর বিচার চেয়ে এদিন বাঁকুড়ার তালডাংরায় মিছিল হয়।
আজ তালডাংরা বিধানসভা এলাকার তালডাংরার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ধিক্কার মিছিল বের হয়। প্রবল রোদ ও গরমকে উপেক্ষা করে সেই মিছিল তালডাংরা বাজার এলাকা প্রদক্ষিণ করে।
এই মিছিলে বুকে কালো ব্যাজ লাগিয়ে সামিল হয়েছিলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী সহ অন্যান্য ব্লক ও জেলা নেতৃত্ব। তালডাংরা ছাড়াও এদিন জেলার অন্যান্য বিধানসভাগুলিতেও একই ভাবে প্রতিবাদ মিছিল করে তৃনমূল। প্রতিটি মিছিলেই এদিন তৃনমূল কর্মীরা ছাড়াও স্বতঃস্ফূর্ত ভাবে বহু সাধারন মানুষ যোগ দিয়েছিলেন।

Post a Comment